সিলেট ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জুন ২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : সিলেটের সকল পাথর কোয়ারীসমূহের উপর থেকে ইজারা স্থগিতাদেশ প্রত্যাহার না হলে সিলেট বিভাগের পণ্যপরিবহন ও পাথর সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্টানে কর্মবিরতি ঘোষণার আল্টিমেটাম দিয়েছেন সিলেট বিভাগ পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক- শ্রমিক ঐক্য পরিষদ।
সোমবার (২ জুন) দুপুরে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সিলেটের বিভাগীয় কমিশনারসহ ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং মৌলভীবাজারের জেলা প্রশাসক, হবিগঞ্জের জেলা প্রশাসক ও সুনামগঞ্জের জেলা প্রশাসককে একসাথে দেওয়া স্মারকলিপিতে এ কর্মসূচির ঘোষণা দেন।
সিলেট বিভাগ পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ স্মারকলিপিতে উল্লেখ করেন, সিলেট বিভাগের একমাত্র উপার্জন ক্ষেত্র পাথর কোয়ারীসমূহে ইজারা বন্ধ থাকার ফলে এ অঞ্চলের কোটি মানুষের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় দুর্ভোগ। ফ্যাসিবাদ আওয়ামী সরকারের মদদপুষ্ট শক্তিশালী সিন্ডিকেটের প্রত্যক্ষ হস্তক্ষেপে ২০১৮ সাল থেকে সিলেটের পাথর কোয়ারীসমূহ বন্ধ করে দেয়া হয়। এর ফলে এ অঞ্চলের লাখ লাখ শ্রমজীবী, ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষের জীবনে নেমে আসে চরম দুঃখ ও দুর্দশা।
স্মারকলিপিতে বলা হয়, গত ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদ আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন সিলেট বিভাগের অর্ধলক্ষ পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী, মালিক, শ্রমিকরা। ছাত্র-জনতার আন্দোলনের ফসল বর্তমান সরকার দেশের ৫৩টি পাথর কোয়ারী পাঁচ দফায় ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেন। তৃতীয় দফায় ইজারা দেওয়ার পর কেবলমাত্র সিলেট বিভাগের সকল পাথর কোয়ারীর ইজারা স্থগিত করা হয়। তাই বাধ্য হয়ে আগামী ১৫ জুন সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন বিভাগীয় ব্যবসায়ী, মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
তারা বলেন বর্তমানে অনেক ব্যবসায়ী ব্যাংক ঋণে জর্জরিত হয়ে ঋণখেলাপী এবং মামলার আসামি হয়ে ফেরারী জীবন-যাপন করছেন। পাথর আহরণে নিয়োজিত শ্রমজীবী মানুষ ও পরিবহন শ্রমিকরা রোজগার হারিয়ে অসহনীয় অবস্থায় জীবন যাপন করছেন। বর্তমানে রোজগারবঞ্চিত সিলেটের প্রান্তিক এ জনপদে বিরাজ করছে দুর্ভিক্ষাবস্থা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগের পাথর সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুল জলিল, সদস্য সচিব নাজির আহমদ স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ দিলু মিয়া, যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক শওকত আলী বাবুল, যুগ্ম আহবায়ক মন্তাজ আলী, সম্বন্নয়ক শাব্বীর আহমদ ফয়েজ, সদস্য জয়নুল হক, ব্যবসায়ী মুহিবুর রহমান সুলায়মান, মুজাম্মেল আলম, নুরুল ইসলাম প্রমূখ।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD