এমসি কলেজ সংঘবদ্ধ ধর্ষণের বিচার দাবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, মে ১২, ২০২৫

এমসি কলেজ সংঘবদ্ধ ধর্ষণের বিচার দাবি শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের দ্রুত বিচার এবং অভিযুক্তদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১২ মে) সকালে কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

গণিত বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আবু সাহান সাইফের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সিলেট বিভাগের প্রতিনিধি সৈয়দ আকরাম আল সাহান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুহুল ইসলাম, প্রাণিবিজ্ঞান বিভাগের সৈয়দ ইসমাইল, বিএসএস ২য় বর্ষের আয়েশা আক্তার, বাংলা বিভাগের শিক্ষার্থী কামরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা জানান, এমসি কলেজের মতো একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে এমন বর্বরতা মেনে নেওয়া যায় না। এই বর্বরতা কেবল একজন নারীর জন্য নয়, বরং পুরো নারী জাতি ও শিক্ষাঙ্গনের জন্যও লজ্জাজনক।

অন্তবর্তী সরকারের কাছে দ্রুত বিচারের দাবি করে তাঁরা জানান, ফ্যাসিস্ট আওয়ামী সরকার এই ঘটনার বিচার করেনি। তারা আপোষে মীমাংসা করে এ বিচার শেষ করতে চেয়েছিল। তাই দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে অভিযুক্তদের ফাঁসি কার্যকর করতে হবে।

এসময় ঘটনার সুষ্ঠু বিচার না হলে কঠোর আন্দোলনের হুশিঁয়ারিও দেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ আটজনকে আসামি করে শাহপরান থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগির পরিবার। পরে আসামিরাও আদালতে এ ঘটনার দায় স্বীকার করে।

সম্প্রতি এই মামলার বিচার কার্যক্রম দ্রুত বিচার ট্রাইব্যুনালে শুরু হয়েছে। মঙ্গলবার (৬ মে) প্রথম দিনের শুনানি শেষে পরবর্তী তারিখ ১৩ মে নির্ধারণ করেছেন বিচারক।

এ সংক্রান্ত আরও সংবাদ