সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, মে ১২, ২০২৫
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলা বাজার এলাকায় পেলোডারের চাপায় মো. কামাল হোসেন (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১২ মে) দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলার বালু লোডিং ফিল্ডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন জৈন্তাপুর উপজেলার ২ নম্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লক্ষীপুর টিলাবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি মৃত জুজু মিয়ার ছেলে এবং চার সন্তানের জনক ছিলেন। স্থানীয়রা জানান, বালু লোডিংয়ের সময় অসাবধানতাবশত একটি পেলোডারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাকবলিত পেলোডারটি মা স্টোন ক্রাশারের মালিক ও আসামপাড়া বাজারীগুল এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমের। দুর্ঘটনার সময় পেলোডারটি চালাচ্ছিলেন তার ছোট ভাই সাদ্দাম হোসেন (২৮), যিনি ঘটনার পরপরই পলাতক হন।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম। এছাড়াও ঘটনাস্থলে পুলিশ ফোর্সসহ উপস্থিত হন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, “আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে নিহত কামাল হোসেন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD