সিলেট ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টার দিকে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়।
ওসমানী হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ইমরান আহমদকে প্রথমে কিছু সময় হাসপাতালের পরিচালকের কক্ষে রাখা হয়। পরে তাঁকে তৃতীয় তলায় ১০ নম্বর ওয়ার্ডের অধীন ১৩ নম্বর কেবিনে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সাবেক এই মন্ত্রী শারীরিকভাবে এখন মোটামুটি সুস্থ রয়েছেন। কেবিনে নেওয়ার পর তার সঙ্গে কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি সাক্ষাৎ করেছেন এবং তিনি তাদের সঙ্গে স্বাভাবিকভাবে কথাও বলেছেন।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার তরিকুল ইসলাম জানান, ইমরান আহমদ কিছু শারীরিক জটিলতায় ভুগছেন। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবেই তাকে হাসপাতালের চিকিৎসকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ২১ অক্টোবর রাতে রাজধানীর বনানী এলাকা থেকে সাবেক মন্ত্রী ইমরান আহমদকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে সিলেটের একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি তাঁকে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD