সিলেট ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : বৈশাখের শেষপ্রান্তে এসে দেশের আবহাওয়া ক্রমেই অস্বাভাবিক হয়ে উঠছে। প্রচণ্ড তাপদাহে একদিকে জনজীবন বিপর্যস্ত, অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বড় ধরনের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। সম্ভাব্য এ ঝড়ের নাম হতে পারে ‘শক্তি’—যা প্রস্তাব করেছে শ্রীলঙ্কা।
আবহাওয়াবিদদের মতে, চলমান আবহাওয়া পরিস্থিতি একটি ঘূর্ণিঝড় তৈরির জন্য যথেষ্ট সহায়ক। বিশেষ করে বঙ্গোপসাগরে গঠিত নিম্নচাপ, বাতাসে আর্দ্রতার তারতম্য এবং তাপমাত্রা বৃদ্ধির মতো উপাদানগুলো একটি ঝড়ের দিকেই ইঙ্গিত দিচ্ছে।
আবহাওয়াবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ ব্যক্তিগত পর্যবেক্ষণে জানিয়েছেন, মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পরিবেশ তৈরি হয়েছে। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, এটি সময়ের ব্যাপার মাত্র।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘শক্তি’ ২৪ থেকে ২৬ মে’র মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। সম্ভাব্য বিস্তৃত এলাকা ভারতের ওড়িশা উপকূল থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত।
বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্যকে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই এলাকাগুলোতে দমকা হাওয়ার পাশাপাশি ভারি বৃষ্টি ও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।
যদিও এখনো ঘূর্ণিঝড়টির আনুষ্ঠানিক গঠন হয়নি, তবে আবহাওয়া অধিদপ্তর সাগরের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD