ঈদগাহের নামফলক ঘিরে উত্তেজনা: বালাগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রামবাসীর অভিযোগ

প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২৫

ঈদগাহের নামফলক ঘিরে উত্তেজনা: বালাগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রামবাসীর অভিযোগ

বালাগঞ্জ প্রতিনিধি  : সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী পৈলনপুর ঈদগাহ মাঠের নামফলক ঘিরে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে। সরকারি বরাদ্দ ও প্রবাসীদের অর্থায়নে নির্মিত ঈদগাহের ফটকে দাতা হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিনের চাচাতো ভাই যুক্তরাজ্যপ্রবাসী রানু মিয়া (ধনাই মিয়া)-এর নাম ফলকে যুক্ত করার ঘটনায় এই উত্তেজনার সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, চেয়ারম্যান শিহাব উদ্দিন গ্রামবাসীর মতামত উপেক্ষা করে, এককভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ফটকে চাচাতো ভাইয়ের নাম স্থাপন করেছেন। তারা বলছেন, প্রকৃতপক্ষে এই ঈদগাহের সংস্কার কাজ হয়েছিল এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে এবং সিলেট জেলা পরিষদের দুই লাখ টাকার সরকারি অনুদানেও এই কাজ সম্পন্ন হয়।

১২ মে, গ্রামবাসীর পক্ষে মবশর আলীর ছেলে চমক আলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে চেয়ারম্যানসহ আরও চারজনকে অভিযুক্ত করা হয়েছে এবং এতে ২২ জনের সাক্ষ্য৮০ জন গ্রামবাসীর স্বাক্ষর রয়েছে। অভিযোগে দাবি করা হয়, ২০২২ সালে শুরু হওয়া ঈদগাহ সংস্কার কাজ ২০২৪ সালে শেষ হয়। এরপর চেয়ারম্যান রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাচাতো ভাইকে একক দাতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গত ঈদুল ফিতরের আগের দিন (৩১ মার্চ) মিমাংসার উদ্যোগ নিলেও চেয়ারম্যান আহ্বানে সাড়া না দিয়ে আলোচনায় বসতে অস্বীকৃতি জানান। উল্টো তিনি হুমকি দেন—”নাম ফলক কেউ মুছতে পারবে না, এটি আজীবন থাকবে।”

স্থানীয়রা আরও অভিযোগ করেছেন, চেয়ারম্যানের নির্দেশে তার ঘনিষ্ঠ সহযোগী রাসেল মিয়া ও সুমন আহমদ মাঠে ঈদের জামাত আয়োজন নিষিদ্ধ করেন এবং মুসল্লিদের হুমকি দেন। ফলে এবার অনেকেই বাধ্য হয়ে পাশের নতুন মসজিদে ঈদের জামাত আদায় করেন। এতে ধর্মপ্রাণ মানুষের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়।

উল্লেখযোগ্য যে, ঈদগাহের ভূমির মালিকানা রয়েছে পৈলনপুর জামে মসজিদ পঞ্চায়েত কমিটির সেক্রেটারির নামে, যা রেকর্ড ও রেজিস্ট্রিভুক্ত।

এ ব্যাপারে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ বলেন,
“আমি লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করা হচ্ছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ সংক্রান্ত আরও সংবাদ