সিলেট ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:১৯ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : সিলেটবাসীর রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির সিলেট বিভাগীয় সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি আগামী সোমবার, ১৯ মে ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে। ঐতিহাসিক এই আয়োজনটি অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়, সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক সফল মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দলের কেন্দ্রীয় এই নেতার উপস্থিতি সিলেট বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিকে কেন্দ্র করে ইতোমধ্যেই চলছে ব্যাপক প্রস্তুতি। কর্মসূচিকে সফল ও সুশৃঙ্খল করতে শনিবার রাতে শিল্পকলা একাডেমির মিলনায়তন পরিদর্শন করেন বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী, মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী।
দলীয় সূত্র জানায়, সিলেট বিভাগজুড়ে সদস্য সংগ্রহ ও নবায়নের মাধ্যমে বিএনপি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে চায়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের নেতাকর্মীদের সক্রিয়তা বাড়ানো ও তৃণমূল সংগঠনকে সংগঠিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
সংশ্লিষ্ট সকলকে অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করার জন্য আহ্বান জানিয়েছে সিলেট বিএনপি।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD