সাদাপাথর লুট: ১৪ জনের জেল, ৬০ নৌকা ধ্বংস

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, মে ২০, ২০২৫

সাদাপাথর লুট: ১৪ জনের জেল, ৬০ নৌকা ধ্বংস

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে চলমান অবৈধ পাথর উত্তোলন দমনে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে মঙ্গলবার (২০ মে) যৌথ টাস্কফোর্স অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে দুই বছর করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নদীতে থাকা ৬০টি পাথরবোঝাই নৌকাও ধ্বংস করা হয়। তবে নদীতীরবর্তী সাদাপাথর বোঝাই ট্রাক ও পাথরের স্তুপ জব্দ না করায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার। তার সঙ্গে অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার সদস্যরা।

প্রাকৃতিক ঢলে ধলাই নদীর পানি বেড়ে যাওয়ায় সকাল থেকেই কিছু চক্র নৌকা ব্যবহার করে সাদাপাথর সংগ্রহে নামে। তাদের এ কর্মকাণ্ড ফেসবুকে ভাইরাল হলে দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পিজুস কুমার দাস, রিপন মিয়া, মো. মুসা মিয়া, আরিফ মিয়া, মো. মোবারক হোসেন, হযরত আলী, মো. রাসেল মিয়া, মো. জসিম মিয়া, সামছুল হক, মো. শফিকুল ইসলাম, আলী হোসেন, রাজিব হোসেন, ফয়সল আহমদ ও দেলোয়ার হোসেনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে পাথরবোঝাই ইঞ্জিনচালিত ও বারকি নৌকা মিলিয়ে মোট ৬০টি নৌকা পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়। তবে নদীর পাড়ে স্তুপ করে রাখা হাজার হাজার ঘনফুট পাথর ও সেগুলো বহনকারী ট্রাক্টরগুলো সম্পর্কে প্রশাসনের পদক্ষেপ ছিল স্পষ্ট নয়। অভিযানে উপস্থিত স্থানীয় একাধিক ব্যক্তি জানান, সড়কের পাশেই পাথরবোঝাই ট্রাক্টর ও স্তুপ করা পাথর থাকলেও তা জব্দ করা হয়নি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, “সকালে ইউএনও ফোর্স চেয়েছিলেন, আমরা দিয়েছি। বিকেলে তিনি আরও ফোর্স চেয়েছিলেন, কিন্তু তখন অভিযান শেষ পর্যায়ে ছিল। পাথরবোঝাই ট্রাক্টর আটক বিষয়ে আমাকে কিছুই বলা হয়নি।”

অপরদিকে ইউএনও আজিজুন নাহার জানান, “নৌকায় থাকা অবৈধ পাথর সংগ্রাহকদের ধরতে অভিযান চালানো হয়েছে। ট্রাক্টর ও তীরবর্তী পাথর নিয়ে থানাকে জানানো হয়েছে, তারা ব্যবস্থা নেবে।”

এ সংক্রান্ত আরও সংবাদ