ইউনূস কী করবেন, সেদিকে দৃষ্টি সবার

প্রকাশিত: ৭:১৮ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২৫

ইউনূস কী করবেন, সেদিকে দৃষ্টি সবার

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পদত্যাগের ইচ্ছার খবর ছড়িয়ে পড়ার পর দেশের রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এই ইঙ্গিত তিনি বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনির্ধারিত আলোচনার সময় দেন। বৈঠকে তিনি সরকারের কর্মকাণ্ডে নানা প্রতিবন্ধকতা, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের অভাব এবং রাষ্ট্রীয় পর্যায়ে সহযোগিতার ঘাটতির কথা তুলে ধরেন।

অধ্যাপক ইউনূসের এই সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিভিন্ন মহলে উদ্বেগ ও আলোচনা শুরু হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি হতে পারে তাঁর ব্যক্তিগত হতাশা অথবা একটি কৌশলগত বার্তা। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এ বিষয়ে আলোচনা শুরু করেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘আমরা তো ওনার পদত্যাগ চাই না। আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছি। তিনি কেন সেদিকে যাচ্ছেন না, সেটা আমরা জানি না। এরপরও তিনি যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে জাতি নিশ্চয়ই বিকল্প বেছে নেবে। কারণ, এটা কোনো ব্যক্তিগত বিষয় নয়, রাষ্ট্রীয় ব্যাপার।’

এর আগে বুধবার সেনাবাহিনীর ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বক্তব্য দেন। এটি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে।

দলীয় সূত্রে জানা যায়, অধ্যাপক ইউনূসের পদত্যাগের আলোচনা বিএনপির নেতাদের কেউ কেউ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কৌশলগত চাপ হিসেবেও দেখছেন।

অধ্যাপক ইউনূস সত্যিই পদত্যাগপত্র জমা দেন কি না—তা এখন সময়ই বলে দেবে। তবে নিশ্চিতভাবে বলা যায়, তাঁর সিদ্ধান্তের দিকে এখন সবার দৃষ্টি।

এ সংক্রান্ত আরও সংবাদ