সিলেট ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, মে ১১, ২০২৫
জকিগঞ্জ প্রতিনিধি 
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ বাজারে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়েছে একটি শতবর্ষী বটগাছ। এতে তিনটি দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (১০ মে) রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। বড় ধরনের প্রাণহানি না ঘটলেও ঘটনাটি ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির কারণ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ শুরু হওয়া প্রবল ঝড়ো হাওয়ায় বাজারের পুরনো বটগাছটি উপড়ে পড়ে পাশের একটি মুদি দোকান, একটি চায়ের দোকান এবং একটি কাঠের দোকানের উপর। গাছের আঘাতে পার্শ্ববর্তী একটি মসজিদের দেয়ালও আংশিক ভেঙে পড়ে।
দোকানিদের একজন, ফয়সাল আহমদ (৩২), জানান, ঘটনার সময় তিনি তার দোকানে অবস্থান করছিলেন। ঝড় শুরু হলে তিনি দ্রুত পাশের একটি দোকানের বারান্দায় আশ্রয় নেন এবং অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তিনি বলেন, হঠাৎ ঝড় শুরু হলে আমি কিছুটা বুঝে উঠতে পারিনি। কিন্তু গাছ ভেঙে পড়ার শব্দ শুনে দৌড়ে বের হয়ে যাই। আল্লাহর রহমতে বেঁচে গেছি, তবে দোকান ও সব মালামাল ধ্বংস হয়ে গেছে।
বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু বলেন, বটগাছটি প্রায় ৬০ বছরের পুরোনো ও দীর্ঘদিন ধরে মরা অবস্থায় ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে ছিল। গাছটি অপসারণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।”
এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন,ঘটনার খবর পেয়ে আমরা খোঁজখবর নিয়েছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে যথাযথ সহায়তা প্রদান করা হবে।
স্থানীয়দের ধারণা, ক্ষতিগ্রস্ত দোকান ও মসজিদের ক্ষয়ক্ষতির পরিমাণ দুই লাখ টাকারও বেশি হতে পারে।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD