সিলেট ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, মে ১১, ২০২৫

মো: সানোয়ার আলী :
বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশনের সমন্বয়ে গঠিত “বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদ” আগামী ২৫ মে দেশব্যাপী প্রতীকী কর্মবিরতির ঘোষণা দিয়েছে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির যুগ্ম-আহবায়ক সৈয়দ সাজ্জাদুল করিম বকুল জানান, দীর্ঘদিন ধরে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে ১০ দফা দাবি জানালেও সেগুলো বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই। ফলে বাধ্য হয়ে তারা কর্মসূচির পথে হাঁটছেন। সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম আহবায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, “বিপিসির প্রস্তাবিত ফর্মুলা অনুযায়ী কমিশন বাড়ানোর কথা থাকলেও বাস্তবে কমিশন কমে গেছে। অথচ বিদ্যুৎ বিল, কর্মচারীর বেতন, ভাড়াসহ অন্যান্য ব্যয় বহুগুণে বেড়ে গেছে।” তিনি আরও বলেন, “পেট্রোল, অকটেন ও ডিজেলে বর্তমানে প্রাপ্ত কমিশন বিপিসির প্রস্তাবিত হারের চেয়েও কম। অথচ এখান থেকেই আমাদের সকল খরচ চালাতে হচ্ছে।” সংগঠনের অভিযোগ, একদিকে কমিশন বাড়ছে না, অন্যদিকে সড়ক ও জনপথ অধিদপ্তর ইজারা মাশুল বাড়িয়েছে। পেট্রোল পাম্প পরিচালনার জন্য অতিরিক্ত লাইসেন্সের চাপ, প্রশাসনিক হয়রানি ও ট্যাংকলরীর চলাচলে নানা বিধিনিষেধ ব্যবসাকে কঠিন করে তুলেছে। গত ২৭ ফেব্রুয়ারি বিপিসি চেয়ারম্যানের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি না হওয়ায় নতুন কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে। #ঘোষিত_কর্মসূচি_অনুযায়ী: আগামী ২৫ মে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত জ্বালানি উত্তোলন, পরিবহন ও বিপণন কার্যক্রম বন্ধ থাকবে। তবে হজযাত্রী ও আন্তর্জাতিক ফ্লাইটে ব্যবহৃত জ্বালানি এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। সংবাদ সম্মেলনে আরোও উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রতন ও জুবায়ের আহমদ চৌধুরী। মোঃ হারুন-উর রশিদ, জাহেদ আহমদ তপন, হুমায়ুন আহমদ, খান মোহাম্মদ ফরিদ উদ্দিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, ট্যাংকলরী শ্রমিক ফেডারেশন এর সভাপতি শাহজাহান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম #দাবিসমূহ_নিম্নরূপ: ১। তেল বিক্রয়ের কমিশন ন্যূনতম ৭% করতে হবে। ২। সওজ অধিদপ্তরের ইজারা ভূমির ইজারা মাশুল পূর্বের ন্যায় বহাল রাখতে হবে। ৩। পাম্পের সংযোগ সড়কের ইজারা প্রাপ্ত ভূমির নবায়নকালীন সময়ে ইজারা নবায়নের আবেদনের সাথে নির্ধারিত ইজারা মাশুলের পে-অর্ডার, সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী দপ্তরে জমা প্রদান করলে উহার ইজারা নবায়ন বলিয়া বিবেচিত হওয়ার বিধান করতে হবে। ৪। বিএসটিআই কর্তৃক পূর্বের ন্যায় শুধু ডিসপেন্সিং ইউনিট ষ্টেমপিং এবং পরিমাপ যাচাইয়ের কার্যক্রম পরিচালনা করিবেন এবং ফিস সমূহ পূর্বের ন্যায় করতে হবে। আন্ডার গ্রাউন্ড ট্যাংক কেলিবারেশন, ডিপ রড পরীক্ষণ ফিস এবং নিবন্ধন প্রথা বাতিল করিতে হবে। ৫। যেহেতু পেট্রোল পাম্প কোন শিল্প নয়, ইহা কমিশন এজেন্ট ভিত্তিক ব্যবসা, তাই পেট্রোল পাম্পের ক্ষেত্রে পরিবেশ, বিআরসি, কলকারখানা এবং ফায়ার সার্ভিস অধিদপ্তর থেকে লাইসেন্স / নিবন্ধন বিধান বাতিল করতে হবে। ৬। দেশের বিভিন্ন স্থানে অননুমোদিত এবং অবৈধভাবে ঘরের মধ্যে এবং খোলা স্থানে যত্রতত্র মেশিন স্থাপন পূর্বক অবৈধভাবে জ্বালানী তেল বিক্রয় বন্ধ করতে হবে। ৭। বিপনন কোম্পানী থেকে ডিলারশীপ ছাড়া সরাসরি তেল বিক্রয় বন্ধ করতে হবে। ৮। ট্যাংক লরী চালক সংকট থেকে উত্তরণের জন্য ট্যাংকলরী চালকদের লাইসেন্স নবায়ন এবং নতুন লাইসেন্স ইস্যু সহজতর করতে হবে। ৯। গাড়ীর কাগজপত্র পরীক্ষার নামে রাস্তায় যত্রতত্র ট্যাংকলরী থামনো যাবে না। তেলের ডিপো গেটে ট্যাংকলরীর কাগজপত্র পরীক্ষার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। ১০। সকল ট্যাংকলরীর জন্য আন্তজেলা রুট পারমিট ইস্যু করতে হবে। নেতারা জানান, ২৪ মে’র মধ্যে দাবি বাস্তবায়নে কোনো উদ্যোগ না নিলে প্রতীকী কর্মবিরতির পর আরও কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD