কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

কোম্পানীগঞ্জে  বিপুল পরিমাণ ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ২

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেট জেলার কোম্পানীগঞ্জে সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা ও ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। অভিযানে একজন নারীসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ মে) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিঃ) উজায়ের আল মাহমুদ আদনান-এর নেতৃত্বে একদল পুলিশ পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ভোলাগঞ্জ আদর্শগ্রামে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে সহযোগিতা করেন থানার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার, এসআই (নিঃ) তন্ময় কান্তি দাস ও পুলিশের একটি টিম।

আটককৃতরা স্বামী-স্ত্রী, বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে আটক করা হয়:

  • আপ্তাব আলী (৬৫), পিতা–মৃত আছদ্দর আলী

  • আঙ্গুরা বেগম ওরফে বড়মা (৪৮), স্বামী–আপ্তাব আলী

তারা দু’জনই ভোলাগঞ্জ আদর্শগ্রাম, থানা–কোম্পানীগঞ্জ, জেলার সিলেটের স্থায়ী বাসিন্দা।

আঙ্গুরা বেগমের দেহ তল্লাশি করে পুলিশ ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। অপরদিকে, আপ্তাব আলীর দেহ তল্লাশিতে পাওয়া যায় ১৫৬ বোতল ভারতীয় মদ

বিক্রির উদ্দেশ্যেই রাখা হয়েছিল মাদক

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য তারা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় কোম্পানীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান চলমান থাকবে: পুলিশ

সিলেট জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ