সিলেট ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৮:৪২ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : সিলেটে টানা বৃষ্টিতে অচল হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। মঙ্গলবার দুপুর থেকে বুধবার সকাল পর্যন্ত প্রায় ২৭ ঘণ্টা ধরে চলা এই বৃষ্টিপাতে পানিতে তলিয়ে যায় নগরীর বহু এলাকা।
আবহাওয়ার পূর্বাভাসে আগে থেকেই সম্ভাবনার কথা জানানো হলেও প্রকৃতির এমন রূপে প্রস্তুত ছিল না নগরবাসী। মঙ্গলবার (১৩ মে) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাত চলে বুধবার (১৪ মে) সকাল ৯টা পর্যন্ত, আর ততক্ষণে রেকর্ড হয়েছে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত।
আখালিয়া, সুবিদবাজার, খাসদবীর, বাদামবাগিচা, শাহী ঈদগাহসহ অনেক এলাকায় রাস্তাঘাটে জমে যায় হাঁটুপানি। জলাবদ্ধতার কারণে বুধবার সকালে অনেকেই ঘর থেকে বের হতে গিয়ে পড়েন চরম বিপাকে। শিক্ষার্থী, অফিসগামী মানুষ এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্সও আটকে পড়ে পানিতে।
বৃষ্টির তীব্রতা কমার পর দুপুরের দিকে পানি নামতে শুরু করলেও এর মধ্যে সৃষ্টি হয় ভয়াবহ দুর্ভোগ।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, টানা বৃষ্টির কারণে সিলেটের প্রধান নদ-নদীগুলোর পানি বাড়ছে। তবে এখনো কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি, তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, সিলেটসহ দেশের চারটি অঞ্চলে বুধবার দুপুরের পর ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সতর্কবার্তা: দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD