সিলেট ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৮:৫৭ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২৫
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গবেষণার গুণগত মান এবং নৈতিকতা নিশ্চিত করতে আরও জোরালো উদ্যোগ নেওয়া হচ্ছে। এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে ইথিক্যাল বোর্ডের জন্য একটি স্বতন্ত্র অফিস স্থাপন করা হবে বলে জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘শিক্ষা ও গবেষণায় নৈতিকতা’ শীর্ষক একটি কর্মশালায় তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, “গবেষণায় নৈতিকতার গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে শুধু একাডেমিক মানোন্নয়ন নয়, বরং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেও গবেষণা হতে হবে স্বচ্ছ ও গ্রহণযোগ্য।”
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে আরও বলেন, “পাঠ্যক্রম যেন কোনোভাবেই অসম্পূর্ণ না থাকে। সম্পূর্ণ কোর্স শেষ করা হলে শিক্ষার্থীরা গভীরভাবে জ্ঞান আহরণে সক্ষম হবে। এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে শিক্ষকরা আরও কার্যকরভাবে সে দায়িত্ব পালন করতে পারবেন।”
কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. সালমা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
এছাড়া রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. এস. এম. কবীর। কর্মশালা পরিচালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবু হায়াত মিঠু এবং অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD