সিলেট জকিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ ১৬ জন আটক

প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২৫

সিলেট জকিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ ১৬ জন আটক

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় নারী, শিশু ও পুরুষসহ মোট ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৩ মে) সকাল ৮টার দিকে ১৯ বিজিবি ব্যাটালিয়নের একটি নিয়মিত টহল দল তাদের আটক করে।

আটকদের মধ্যে রয়েছেন ৮ জন পুরুষ, ৬ জন নারী এবং ২ জন শিশু। তাদের বয়স আনুমানিক ৫ থেকে ৫৫ বছরের মধ্যে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সবাই নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন। তবে দীর্ঘদিন ধরে তারা ভারতের ভেতরে অবৈধভাবে অবস্থান করছিলেন বলে স্বীকার করেছেন।

গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ায় বিজিবি। এরই ধারাবাহিকতায় সীমান্ত পাড়ি দিয়ে দেশে প্রবেশের সময় আটগ্রাম এলাকায় তাদের আটক করা হয়।

বিজিবি সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তারা কীভাবে ভারতে গিয়েছিলেন, সেখানে কতদিন ধরে ছিলেন, আর কী কারণে দেশে ফিরছেন—এসব বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, “তদন্ত শেষে যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।”

এ সংক্রান্ত আরও সংবাদ