তারুণ্যের সমাবেশে সিলেটের দায়িত্ব পেলেন জাকির ও মকসুদ

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫

তারুণ্যের সমাবেশে সিলেটের দায়িত্ব পেলেন জাকির ও মকসুদ

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় আগামী ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সফল বাস্তবায়নের জন্য সিলেট বিভাগের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। তার সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমদ। তাদের নেতৃত্বে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এই সেমিনার এবং সমাবেশের মাধ্যমে বাংলাদেশের তরুণদের রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি প্রতিষ্ঠায় নতুন দিগন্তের সূচনা হবে বলে আশাবাদী সংগঠনের নেতৃবৃন্দ।

সিলেট বিভাগের জেলা ও মহানগর নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করার জন্য যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই দায়িত্ব দুই নেতার কাছে হস্তান্তর করেছেন।

মকসুদ আহমদ বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে কারাবরণকারী একজন পরিচিত রাজনৈতিক সৈনিক। তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার এবং সিলেট জেলা ছাত্রদল ও যুবদলের বিভিন্ন দায়িত্বের অভিজ্ঞতা তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য উপযুক্ত করেছে। মকসুদ আহমদ সিলেট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আরেক গুরুত্বপূর্ণ নেতা, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, যার রাজনৈতিক ক্যারিয়ার অত্যন্ত বর্ণাঢ্য। নব্বইয়ের দশক থেকে ছাত্ররাজনীতি শুরু করা উজ্জ্বল মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের প্রতিনিধি, কলেজ জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের দায়িত্বসহ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ