সিলেট ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : আজ রাঙামাটি শহরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) অনুপ কুমার চাকমার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ স্যাটেলাইট ব্যবহার করে দুর্গম ও প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সংযোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সাক্ষাৎকারে উভয়পক্ষই মনে করেন, আধুনিক ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে পার্বত্য চট্টগ্রামের মতো দুর্গম অঞ্চলের মানুষকে তথ্যপ্রযুক্তি সুবিধার আওতায় আনা সময়ের দাবি। এই লক্ষ্যে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক কার্যক্রমে একটি যুগান্তকারী পরিবর্তন সম্ভব।
পার্বত্য চট্টগ্রামেরই সন্তান মেজর জেনারেল (অবঃ) অনুপ চাকমা একজন অভিজ্ঞ ও বিদগ্ধ ব্যক্তি। দীর্ঘ সামরিক জীবনের পাশাপাশি পার্বত্য অঞ্চলের ইতিহাস, সমাজ-সংস্কৃতি ও ভূরাজনৈতিক বাস্তবতা সম্পর্কে তাঁর গভীর জ্ঞান রয়েছে। তিনি এই অঞ্চলের ভৌগোলিক বৈচিত্র্য, সীমান্তবর্তী রাষ্ট্র মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, এবং স্থানীয় জনগণের জীবনধারা নিয়ে নানা প্রাসঙ্গিক আলোচনা তুলে ধরেন।
তিনি জানান, ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা গেলে পার্বত্য অঞ্চলের মানুষ শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও উদ্যোক্তা খাতে নতুন দিগন্তে প্রবেশ করতে পারবে। একইসঙ্গে যুব সমাজের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে ডিজিটাল সংযোগ।
সাক্ষাৎ শেষে উপস্থিত পক্ষগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও ভবিষ্যৎ প্রযুক্তি-সহযোগিতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD