পূর্ব আলীরগাঁও ইউপি চেয়ারম্যান পদ শূন্য: প্যানেল অপসারণ ও প্রশাসক নিয়োগের দাবিতে ইউপি সদস্যদের আবেদন

প্রকাশিত: ৯:২০ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২৫

পূর্ব আলীরগাঁও ইউপি চেয়ারম্যান পদ শূন্য: প্যানেল অপসারণ ও প্রশাসক নিয়োগের দাবিতে ইউপি সদস্যদের আবেদন

 

গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। এতে সাধারণ জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এমতাবস্থায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রাখতে জরুরী ভিত্তিতে প্রশাসক নিয়োগ ও বর্তমান প্যানেল কমিটি বাতিলের দাবিতে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত আবেদন জানিয়েছেন ইউপি সদস্যরা।

লিখিত আবেদনে তারা উল্লেখ করেন, পূর্ব আলীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামবরখাস্ত হওয়ার পর তাঁর মধ্যস্থতায় গঠিত বর্তমান প্যানেলটি আওয়ামী সমর্থিত। এই প্যানেলের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ ও নানা অনিয়মের অভিযোগ তোলেন তারা। ইউনিয়নের ইউপি সদস্য ও এলাকাবাসী বলেন, প্যানেলের অপেশাদার ব্যবস্থাপনার কারণে গত তিন মাস ধরে ইউনিয়নবাসী সকল ধরনের সেবা থেকে বঞ্চিত রয়েছে।

এই পরিস্থিতিতে অবিলম্বে প্যানেল কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের মাধ্যমে পরিষদের কার্যক্রম সচল করার জন্য তারা ইউএনও’র কাছে আবেদন জানান।

উক্ত আবেদনে স্বাক্ষর করেছেন—মোঃ গফুর আলী (১নং ওয়ার্ড), মোঃ হেলাল উদ্দিন (২নং ওয়ার্ড), মোহাম্মদ তাজুল ইসলাম (৪নং ওয়ার্ড), মোঃ মুমিনুর রশিদ (৯নং ওয়ার্ড), সংরক্ষিত নারী সদস্য হাজিরা বেগম (১, ২, ৩নং ওয়ার্ড), কৃষ্ণ রানী (৪, ৫, ৬নং ওয়ার্ড) এবং মোঃ আজির উদ্দিন (৩নং ওয়ার্ড)।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে স্বাক্ষর পূর্বক এই দাবিতে তাদের সমর্থন জানিয়েছেন।

তারা প্রশাসনিক শূন্যতা দূর করে ইউনিয়নবাসীর ভোগান্তি লাঘবে যথাশীঘ্র প্রশাসক নিয়োগের দাবি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ