সিলেট ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : ভূমি ব্যবস্থাপনায় নাগরিক ভোগান্তি কমাতে ডিজিটাল সেবা চালুর ঘোষণা দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। বৃহস্পতিবার বিকেলে সিলেটে এক স্টেকহোল্ডার কনসাল্টেশন কনফারেন্সে তিনি জানান, “ভূমিসেবা হবে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব।”
তিনি বলেন, “ভূমি সংক্রান্ত সেবা নিতে সাধারণ মানুষ অহেতুক হয়রানির শিকার হন। এ ভোগান্তি দূর করতে ডিজিটালাইজড ‘অটোমেটেড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’-এর আওতায় কাজ চলছে। এই সেবা ঘরে বসেই পাওয়া যাবে।”
সিনিয়র সচিব জানান, দেশের প্রতিটি বিভাগীয় শহরে শিগগিরই চালু হবে ভূমি সেবার জন্য বিশেষ নাগরিক সেবা কেন্দ্র। এছাড়া, ডিজিটাল সেবার প্রচার ও প্রশিক্ষণের অংশ হিসেবে ২৫ মে থেকে বিভাগজুড়ে ভূমিমেলা শুরু হবে।
প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে সিনিয়র সচিব বলেন, “ভূমি সেবা যেন কোনোভাবেই দালালনির্ভর না হয় এবং সাধারণ মানুষ হয়রানির শিকার না হন, সেটা নিশ্চিত করতে হবে।”
সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীর সভাপতিত্বে আয়োজিত কনফারেন্সে অংশ নেন সিলেট বিভাগের চার জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রেজিস্ট্রি বিভাগের প্রতিনিধিরা এবং বিভিন্ন স্টেকহোল্ডার।
উন্মুক্ত আলোচনায় ভূমি সংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরা হয় এবং তা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD