সিলেট ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:৫৮ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : সিলেটের রাজনীতিতে হঠাৎ করে এক রহস্যময় উত্তাপ! শহরের অলিগলি থেকে শুরু করে ব্যস্ততম সড়কের বিদ্যুতের খুঁটি—সবখানেই দেখা মিলছে ডা. জোবাইদা রহমানকে নিয়ে লাগানো অচেনা পোস্টার। নেই কোনো দলের নাম, নেই কোনো সংগঠনের পরিচয়। শুধু বড় করে লেখা, “বাংলাদেশের অহংকার, সিলেটবাসীর গর্ব—ডা. জোবাইদা রহমানকে আমরা চাই সিলেট-১ এর সংসদ সদস্য হিসেবে”।
পোস্টারে ফুটে উঠেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং ডা. জোবাইদা রহমানের ছবি—যা দেখে সহজেই বোঝা যায়, বার্তাটি বিএনপি ঘরানার। কিন্তু প্রশ্ন হচ্ছে—পোস্টার দিল কারা? কেনই বা গোপন রাখলো নিজেদের পরিচয়? এই রহস্যময় প্রচারণা ঘিরে সিলেটবাসীর মাঝে দেখা দিয়েছে তীব্র কৌতূহল, উদ্বেগ ও মতবিভেদ।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটির ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। কেউ বলছেন, এটি ‘জনতার আহ্বান’, আবার কেউ বলছেন, ‘এই প্রচারণার পেছনে গোপন এজেন্ডা রয়েছে’। অনেকেই প্রকাশ্যেই প্রশ্ন তুলেছেন—“জিয়া পরিবারের ভাবমূর্তিকে ব্যবহার করে কেউ কি রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে?”
বিএনপির স্থানীয় নেতৃবৃন্দও এই প্রচারণা নিয়ে দ্বিধান্বিত। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এ ব্যাপারে বলেন, “ডা. জোবাইদা রহমানকে নিয়ে প্রচারণা করতেই পারেন, কিন্তু পরিচয়বিহীনভাবে করা প্রচার শিষ্টাচারবহির্ভূত ও বিভ্রান্তিকর।” জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী আরো স্পষ্ট করে বলেন, “এটি অত্যন্ত নিন্দনীয়। জিয়া পরিবারের সদস্যকে নিয়ে প্রচার করতে চাইলে সেটা প্রকাশ্যভাবে, দায়িত্ব নিয়ে করতে হবে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পোস্টার হঠাৎ নগরজুড়ে ছড়িয়ে পড়া সিলেট-১ আসন নিয়ে বিএনপির অভ্যন্তরীণ সমীকরণে নতুন প্রশ্ন তুলে দিচ্ছে। যদিও তারেক রহমানকে কেন্দ্র করে এর আগে আলোচনার ঝড় ছিল, এবার জড়ানো হলো তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকেও।
এখন প্রশ্ন—এই পোস্টার কি কোনো কৌশলী রাজনৈতিক ইঙ্গিত? নাকি ভেতরের কারো ‘খেলা’?
আরো বড় প্রশ্ন—ডা. জোবাইদা কি সত্যিই আসছেন সিলেট-১ আসনে?
নগরবাসী অপেক্ষায়—এই রাজনৈতিক ধোঁয়াশার জবাব কখন, কোথা থেকে আসে!
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD