সিলেট ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, মে ২০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : প্রবাসের মাটিতে আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করলেন বাংলাদেশের সন্তান আহমেদ মাহবুব। ব্রিটেনের রাজধানী লন্ডনের অন্তর্গত হ্যারিনগে বরো কাউন্সিলে ইতিহাস সৃষ্টি করে তিনি নির্বাচিত হয়েছেন এই বরোর প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র হিসেবে। এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের জন্য এক অনন্য গর্বের মুহূর্ত।
সোমবার (১৯ মে) রাতে লন্ডনের টটেনহ্যাম টাউন হলে অনুষ্ঠিত ফুল কাউন্সিল সভায় আনুষ্ঠানিকভাবে ২০২৫-২৬ মেয়াদে তাঁকে মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে তিনি ২০২৪-২৫ বর্ষে তৎকালীন মেয়র স্যু জেমসনের অধীনে ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এবার সেই অভিজ্ঞতার ভিতরেই তিনি পূর্ণাঙ্গ মেয়রের দায়িত্ব গ্রহণ করলেন।
আহমেদ মাহবুবের এই অসাধারণ অর্জনের শিকড় রয়েছে বাংলাদেশের সিলেট জেলায়। তাঁর পারিবারিক ইতিহাসও সমৃদ্ধ—তিনি সিলেট জেলার ছাতক উপজেলার মল্লিকপুর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট চিকিৎসক ডা. গোলাম মন্তকা’র নাতি এবং যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সলিসিটর গোলাম জিলানী মাহবুবের ছেলে, ছাতকের বিশিষ্ট রাজনীতিবিদ মাহফুজ শিপলু ও মাজকুর পাভেল এবং চিকিৎসক গোলাম রব শুয়েব এবং ফিরোজা আক্তার মণির ভাতিজা।
মেয়র হিসেবে নির্বাচিত হয়ে আহমেদ মাহবুব শুধু নিজেকে নয়, বরং গোটা বাংলাদেশি কমিউনিটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর এই অর্জন প্রমাণ করে, পরিশ্রম, নিষ্ঠা ও জনসেবার অঙ্গীকার থাকলে প্রবাসের মাটিতেও নেতৃত্বের উচ্চ আসনে পৌঁছানো সম্ভব।
আহমেদ মাহবুবের এই পথচলা প্রবাসী তরুণদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে, যাঁরা স্বপ্ন দেখেন মূলধারার রাজনীতিতে নিজ নিজ অবস্থান গড়ে তোলার।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD