সিলেট ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, মে ২০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর মোবাইল ফোনে পলাতক ও অপসারিত সিটি মেয়র এবং আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামানের নাম ভেসে ওঠার ঘটনায় শহরে নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি ঘিরে শুরু হয় আলোচনা-সমালোচনা। তবে এ ঘটনার পরপরই সংবাদ সম্মেলন করে ইমদাদ হোসেন চৌধুরী দাবি করেছেন, এটি তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।
মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় সিলেট মহানগরের বারুতখানাস্থ ‘ফুড প্যারাডাইস’ রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা চলাকালে ঘটে এই ঘটনাটি। সিলেটের ব্যবসায়ী ও চেম্বার নেতাদের সঙ্গে চলছিল ওই সভা। মাগরিবের নামাজের সময় হলে ইমদাদ হোসেন চৌধুরী নামাজে অংশ নিতে ফোনটি টেবিলে রেখে যান। ঠিক সেই সময় তার মোবাইলে একটি কল আসে। উপস্থিত ব্যক্তিরা জানান, মোবাইল ফোনের স্ক্রিনে ভেসে ওঠে— “আনোয়ারুজ্জামান ইউকে” নামটি।
ঘটনার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত কয়েকজন এই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন। এরপর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা জল্পনা, গুজব ও বিতর্ক।
তবে রাত সোয়া ১০টায় এক জরুরি প্রেস ব্রিফিংয়ে মো. ইমদাদ হোসেন চৌধুরী বিষয়টি সরাসরি অস্বীকার করে বলেন, “এটি আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র। দেশে-বিদেশে আমার জনপ্রিয়তা ও সাংগঠনিক কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে একটি মহল এই অপপ্রচার চালাচ্ছে।”
তিনি আরও বলেন, “ফোনে কার নাম দেখা গেছে, সেটা তো প্রমাণ নয়। প্রযুক্তির যুগে এসব খুব সহজেই কারসাজি করা যায়। উদ্দেশ্য খুব পরিষ্কার—আমাকে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করা।”
বিষয়টি নিয়ে এখনও আওয়ামী লীগ বা আনোয়ারুজ্জামান পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনকলের স্ক্রিনশট ঘিরে সিলেটের রাজনীতিতে দেখা দিয়েছে নতুন আলোচনার ঝড়। সত্য-মিথ্যার প্রমাণ এখনো মেলেনি, তবে ইমদাদ হোসেন চৌধুরী যেভাবে এটিকে ‘ষড়যন্ত্র’ হিসেবে ব্যাখ্যা করছেন, তাতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবেই দেখছেন তার সমর্থকরা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষের পক্ষ থেকে আরও সুস্পষ্ট বক্তব্য না এলে জল্পনা চলতেই থাকবে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD