সিলেট ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, মে ২০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : সিলেট সরকারি কলেজের ছাত্র ও জিন্দাবাজার হেক্সাস-এর সাবেক শিক্ষার্থী বদরুল ইসলামের বিরুদ্ধে পরিকল্পিত হত্যাচেষ্টার মামলা দায়েরের প্রতিবাদে সিলেট নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ করা হচ্ছে, বদরুলকে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় ফাঁসিয়ে তার ভবিষ্যত ধ্বংসের চক্রান্ত করছে।
মঙ্গলবার (২০ মে) দুপুরে সিলেটের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব সমাজের প্রতিনিধি এবং সাহেবের বাজার এলাকার সচেতন নাগরিকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, বদরুল ইসলাম একজন শান্ত, ভদ্র ও নম্র স্বভাবের শিক্ষার্থী, যার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। বক্তারা অভিযোগ করেন, একটি গোষ্ঠী তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে ষড়যন্ত্র চালাচ্ছে।
তারা আরও বলেন, বদরুল উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় তার বিরুদ্ধে এ ধরনের মামলা দায়ের করায় তার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। ষড়যন্ত্রমূলক এ মামলার প্রভাব শুধু বদরুলের ওপর নয়, বরং সব শিক্ষার্থীর মধ্যেই ভয়ের পরিবেশ তৈরি করছে।
মানববন্ধনে বক্তারা বদরুল ইসলামের নিঃশর্ত মুক্তি এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি তারা আহ্বান জানান, যেন কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন অন্যায়ের শিকার না হয় এবং সত্য উদঘাটনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়।
উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন: গোলজার হোসেন নাজিম, রায়হান হোসেন, জামিল আহমেদ, ফয়ছল ইসলাম, সালমা বেগম, খয়রূল ইসলামসহ আরও অনেকে।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD