সিলেট ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৮:২৯ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের জন্য সিলেট জেলা ও মহানগরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গত বছরের তুলনায় এবার হাটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে। জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে মোট ৭৪টি অস্থায়ী পশুর হাট বসানো হবে বলে জানা গেছে।
ঈদুল আযহা সামনে রেখে সিলেটে ৭৪টি অস্থায়ী পশুর হাট বসানোর প্রস্তুতি চলছে। এর মধ্যে সিলেট জেলার ১৩টি উপজেলা ও ৪টি পৌরসভায় ৬২টি এবং সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ১২টি হাটের জন্য অনুমোদন বা আবেদন করা হয়েছে।
জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই জেলার ৬২টি হাটের অনুমোদন দেওয়া হয়েছে। এসব হাট মে মাসের শেষভাগ অথবা জুনের শুরু থেকে চালু হতে পারে বলে জানানো হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর ১২টি স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। অনুমোদন পেলেই ইজারা কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান।
সিটি কর্পোরেশনের প্রস্তাবিত ১২টি অস্থায়ী হাটের স্থানগুলো হলো:
দক্ষিণ সুরমা প্যারাইরচক ট্রাক টার্মিনাল
দক্ষিণ সুরমাস্থ সিটি কর্পোরেশনের মালিকানাধীন এস ফল্ট মাঠ
পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকা
মাছিমপুর কয়েদীর মাঠ
ঝালোপাড়া ভার্থখলা
শাহপরান গেট এলাকা
টিলাগড় পয়েন্ট
মেজরটিলা বাজার তেমুখী
আখালিয়া নবাবী জামে মসজিদ সংলগ্ন এলাকা
পাঠানটুলা পয়েন্ট
মিরাপাড়া আবদুল লতিফ স্কুল সংলগ্ন মাঠ
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত জানিয়েছেন, সদর উপজেলায় আরও ১০টি অস্থায়ী হাটের অনুমোদন দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের হাটগুলোর সঙ্গে সমন্বয় করে এসব হাটের অবস্থান নির্ধারণ করা হবে।
সিলেট জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ-পরিচালক সুবর্ণা সরকার জানান, জেলার ৬২টি অস্থায়ী পশুর হাটের অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে। মহানগরের ১২টি হাটের আবেদনের যাচাই-বাছাই চলছে। অনুমোদন পাওয়ার পর সেগুলোর কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, গত বছর সিলেট জেলায় ৪২টি অস্থায়ী পশুর হাট বসানো হয়েছিল। এ বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪টিতে, যা কোরবানির পশু বেচাকেনায় বৃহত্তর পরিসর তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD