হবিগঞ্জের মাধবপুরে জঙ্গলে মিলল ফারুকের গলিত ম’রদেহ

প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২৫

হবিগঞ্জের মাধবপুরে জঙ্গলে মিলল ফারুকের গলিত ম’রদেহ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিখোঁজের ১০ দিন পর মো. ফারুক মিয়া (৪৯) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) সকালে আখাউড়া-সিলেট রেললাইনের মনতলা অপরূপা স্কুলের পাশের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় পথচারীরা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে লাশটি দেখতে পান। পরে ফারুক মিয়ার পরিবারের সদস্যরা এসে মরদেহটি শনাক্ত করেন।

নিহত ফারুক মিয়া মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের বাসিন্দা এবং পাঁচ সন্তানের জনক। পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ মে মঙ্গলবার বিকেলে তিনি মনতলা বাজারে বাজার করতে গিয়ে নিখোঁজ হন।

ফারুকের দ্বিতীয় ছেলে আকিবুল ইসলাম জানান, সেদিন বাজারে যাওয়ার পর রুবেল নামে একজন ব্যক্তি তার বাবাকে মোবাইলে কল দিয়ে ডেকে নেয়। এরপর থেকে তার বাবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি আর বাড়ি ফেরেননি।

ফারুকের স্ত্রী জানান, স্বামী নিখোঁজ হওয়ার পর তারা থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। আজ সকালে লাশের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি স্বামীর মরদেহ শনাক্ত করেন।

খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ