সিলেট ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, মে ২৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা। এ লক্ষ্যে মঙ্গলবার (২৭ মে) দুপুরে সমিতির নেতৃবৃন্দ চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা অক্তার মিতার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ নির্বাচনকে ঘিরে চারটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন। এতে বলা হয়, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে সাধারণ সদস্যদের ভোটাধিকার খর্ব করে গঠিত পরিচালনা পর্ষদ যেসব সদস্যকে বিধিবর্হিভূতভাবে অন্তর্ভুক্ত করেছে, তাদের যাচাই-বাছাই করে বাতিল করতে হবে। একই সঙ্গে প্রকৃত ব্যবসায়ীদের সদস্যপদ দিয়ে তাদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, চেম্বারের আগের অনির্বাচিত পরিষদ প্রকৃত ও যোগ্য ব্যবসায়ীদের সদস্যপদ দেয়নি, ফলে অনেক ব্যবসায়ী প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হয়েছেন। এ অবস্থার পরিবর্তন এনে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে হবে।
তারা আরও উল্লেখ করেন, আগের পরিচালনা পর্ষদ যথাযথভাবে কোনো বার্ষিক সাধারণ সভা (এ.জি.এম) করেনি, এমনকি নিয়মিত অডিটও করা হয়নি—এ বিষয়গুলোর প্রতিও প্রশাসনের নজর দেওয়া জরুরি।
চতুর্থ দাবিতে তারা বলেন, ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট সরকারী-বেসরকারী যেকোনো বিষয়ে তাদের মতামত নিয়ে চেম্বার পরিচালনা করতে হবে। কারণ, ব্যবসায়ীদের অংশগ্রহণ ছাড়া একটি কার্যকর চেম্বার ব্যবস্থা সম্ভব নয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সমিতির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, সহ-সভাপতি আব্দুস সোবহান, মোহাম্মদ আলী আকিক, সহ-সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, মো. মনজুর আহমদ, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক মীর মো. জাকারিয়া, রাসেল আলী, সদস্য ফরহাদ চৌধুরী প্রমুখ।
সমিতির নেতৃবৃন্দ বলেন, সিলেটের ব্যবসায়ীদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিচালনা পর্ষদ গঠন এখন সময়ের দাবি। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, প্রশাসক ব্যবসায়ীদের এই যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং ভবিষ্যতে চেম্বারের ইতিবাচক কর্মকাণ্ডে সমিতি সর্বাত্মক সহযোগিতা করে যাবে।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD