জৈন্তাপুরে এলকোডাইল ও মদসহ ৩ জনকে ধরল র‌্যাব

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় এলকোডাইল সিরাপ ও বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেট-এর একটি আভিযানিক দল ২৭ মে রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে জৈন্তাপুর থানাধীন বিরাইমারা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৯২ বোতল বিদেশী মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রহমত মিয়া (২৮), পিতা মৃত আঃ মালেক। তিনি জৈন্তাপুর উপজেলার বিরাইমারা এলাকার বাসিন্দা।

এরপর পরদিন ২৮ মে রাত ১২টা ১৫ মিনিটের দিকে র‌্যাব-৯-এর আরেকটি দল জৈন্তাপুর থানার আসামপাড়া এলাকায় আরেকটি অভিযান চালায়। এতে ৫৫১ বোতল নেশাজাতীয় এলকোডাইল সিরাপসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মোঃ আনোয়ার হোসেন (২৩), পিতা মৃত আব্দুর রশিদ, এবং মোঃ আব্দুল কাদির (২১), পিতা মোঃ বিল্লাল মিয়া। উভয়ের বাড়ি আসামপাড়া এলাকায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব-৯।

র‌্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ