সিলেট ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, মে ২৮, ২০২৫
নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে সেন্টমার্টিনে তীব্র বাতাস ও ভারি বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল, দ্বীপের চারপাশে বেড়েছে পানি। গত চারদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (২৮ মে) দুপুর থেকে ভারি বৃষ্টি ও বাতাস শুরু হয়।
জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে কক্সবাজারসহ দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে। সকাল থেকে টেকনাফ উপজেলাসহ উপকূলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালকা বাতাস অব্যাহত রয়েছে।
টেকনাফ-সেন্টমার্টিন রুটের সার্ভিস বোট অ্যাসোসিয়েশনের সভাপতি রশিদ আহমদ বলেন, ‘সাগর উত্তাল ও বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে দুর্ঘটনার আশঙ্কায় ২৫ মে থেকে সেন্টমার্টিন নৌপথে নৌযান চলাচল বন্ধ রেখেছে উপজেলা প্রশাসন। তবে এ কারণে সেন্টমার্টিনে কিছুটা নিত্যপণ্য কাঁচামালের সংকট দেখা দিয়েছে।’
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের মেম্বার সৈয়দ আলম বলেন, ‘দ্বীপে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালকা বাতাস শুরু হলেও দুপুর থেকে ভারি বৃষ্টি, তীব্র বাতাস বইছে। সাগর উত্তাল, সে সঙ্গে দ্বীপে চারপাশের সাগরের পানি বাড়ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে আগে থেকে সেন্টমার্টিনে আড়াই হাজার মানুষের জন্য ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নৌযান চালু হবে।’
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD