১৪ দিনে সিলেট জেলায় ১৩৫ জনকে পুশ ইন

প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২৫

১৪ দিনে সিলেট জেলায় ১৩৫ জনকে পুশ ইন

নিজেস্ব প্রতিবেদক : গতরাতে সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা ও জকিগঞ্জ সীমান্ত দিয়ে মোট ৬৬ জনকে বাংলাদেশে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। এদের সবাইকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে গত ১৪ দিনে সিলেট জেলায় ১৩৫ জনকে পুশইন করলো ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিজিবি সূত্র জানায়, রাত তিনটার দিকে মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। এদের মধ্যে ১৫ জন শিশু, ১০ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছেন। ঘটনার সময় সতর্ক অবস্থানে থাকা শ্রীপুর বিওপি’র বিজিবি সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করে।

কিছুক্ষণ পর একই উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে আরও ২০ জন পুশইন এর শিকার হন । তাদের মধ্যে ৬ জন পুরুষ ৭ জন নারী ও ৭ জন শিশু । সেখানে দায়িত্বরত বিজিবি সদস্যরাও তাদের আটক করেন। এভাবে দেড় ঘণ্টার ব্যবধানে জৈন্তাপুর সীমান্ত দিয়ে মোট ৫২ জন পুশ ইন-এর শিকার হন।

এদিকে সকালে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনে জৈন্তাপুর সীমান্ত দিয়ে শিশু নারীসহ আরও ১৪ জনকে পুশইন করা হয়। তাদরে মধ্যে ৫ জন পুরুষ ৫ জন নারী ও ৪ জন শিশু । পরে তাদের আটক করে ১৯ ব্যাটালিয়ন বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্ণেল নাজমুল হক ও ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্ণেল জুবায়ের আনোয়ার পুশইন এর ঘটনা স্বীকার করে জানান , আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই চলছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, পুশ ইন ঠেকাতে ও সীমান্ত অপরাধ প্রতিরোধে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

এর আগে, গত ১৪ ও ২৪ মে সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে যথাক্রমে ১৬ ও ২১ জন এবং ২৫ মে বিয়ানীবাজার সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ