সিলেট ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জুন ৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ ॥
গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা ও আকস্মিক বন্যা। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিগলবাগ ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা পানির নিচে তলিয়ে গেছে। আশ্রয় নিয়েছেন শতাধিক পরিবার — কেউ রাস্তার পাশে, কেউ স্কুলের আশ্রয়কেন্দ্রে।
আজ ৪ জুন ২০২৫, বানিয়াচং (হবিগঞ্জ) আর্মি ক্যাম্পের পক্ষ থেকে দিগলবাগ ইউনিয়নের একটি বিদ্যালয়ে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। সেনাবাহিনীর এই উদ্যোগ দুর্গত মানুষদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।
আশ্রয়কেন্দ্রে উপস্থিত সেনা সদস্যদের সহযোগিতায় শিশু, নারী, বৃদ্ধসহ প্রায় শতাধিক মানুষ পুষ্টিকর ও নিরাপদ খাবার পান। অনেকেই জানান, পানি বেড়ে যাওয়ার কারণে ঘরে রান্না করা একপ্রকার অসম্ভব হয়ে পড়েছে। এমন সময়ে সেনাবাহিনীর রান্না করা খাবার পৌঁছে যাওয়া যেন একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়,
“এই বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী বন্যাদুর্গত মানুষের পাশে থাকবে। শুধু দুর্যোগ নয়, দেশের যেকোনো জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে জনগণের পাশে আছে এবং থাকবে।”
স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী দুর্গম এলাকার মানুষদের জরুরি সহায়তা পৌঁছে দিচ্ছে বলেও জানা গেছে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD