সিলেট ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, জুন ৪, ২০২৫
নিউজ ডেস্ক : ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলের সহজ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলা বাংলাদেশ ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায়। কর্নার থেকে অধিনায়ক জামাল ভূঁইয়ার নিখুঁত ভাসানো বলটি দুর্দান্ত এক হেডে জালে জড়ান হামজা চৌধুরী, যা জাতীয় দলের জার্সিতে তার প্রথম গোল।
প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলোকে কাজে লাগাতে পারেননি জামাল, ফাহামেদুলসহ দলের অন্যরা। ফলে ১-০ গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
দ্বিতীয়ার্ধেও একইভাবে আক্রমণাত্মক শুরু করে স্বাগতিকরা। ম্যাচের ৪৯তম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া সোহেল রানার দুর্দান্ত রকেট শট ঠেকাতে পারেননি ভুটানের গোলরক্ষক। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ, এবং ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলেও এই দুই গোলই জয় নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল।
জাতীয় দলের জার্সিতে অভিষেক ম্যাচেই নজর কেড়েছেন তরুণ ফরোয়ার্ড ফাহামেদুল ইসলাম। প্রথমার্ধে টানা দুই মিনিটে দুটি সম্ভাব্য সুযোগ তৈরি করেন তিনি। ৩০ মিনিটে রাকিব হোসেনের থ্রু বল পেয়ে নেওয়া শট রুখে দেন প্রতিপক্ষের গোলকিপার। পরের মিনিটেই শাহ কাজেমের ব্যাকহিল পাস থেকে নেওয়া আরেকটি শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাই পর্বে একই ভেন্যুতে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভুটানের বিপক্ষে জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছেন কোচ কাবরেরা। ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম, যিনি সিঙ্গাপুর ম্যাচে অভিষেকের অপেক্ষায় রয়েছেন।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD