বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিচ্ছেন বাবুর্চি!

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৫

বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিচ্ছেন বাবুর্চি!

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় চরম অব্যবস্থাপনার চিত্র আবারও সামনে এলো। এবার সহকারী বাবুর্চিকে দিয়ে ওয়ার্ড বয়ের কাজ করিয়ে রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।

গত সোমবার (১৬ জুন) বিকেলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর প্রাথমিক সেবায় দেখা গেছে সহকারী বাবুর্চি সুফি মিয়াকে। তিনি ব্যান্ডেজ লাগাচ্ছেন, রোগীর ক্ষতস্থান পরিষ্কার করছেন, আর পাশে বসে রয়েছেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনোতোষ রঞ্জন চন্দ। পুরো ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা।

হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করে বলেছে, জনবল সংকটের কারণে সহকারী বাবুর্চিকে ওয়ার্ড বয়ের কাজ করতে বলা হয়েছে। ডা. মনোতোষ রঞ্জন বলেন,
 “চিকিৎসা আমি দিচ্ছি, তবে ওয়ার্ড বয়ের দায়িত্ব পালন করছে সুফি মিয়া। জনবল না থাকায় আমাদের এমনটা করতেই হচ্ছে।”

সহকারী বাবুর্চি সুফি মিয়া নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষ্য,
 “আমাকে ওয়ার্ড বয়ের কাজ করতে বলা হয়েছে, আমি সেই দায়িত্ব পালন করছি।”

এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ ও স্থানীয় নাগরিক সমাজ। তারা বলছেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে প্রশিক্ষণহীন ব্যক্তিকে দিয়ে চিকিৎসা সংশ্লিষ্ট কাজ করানো ঝুঁকিপূর্ণ ও অব্যবস্থাপনার প্রমাণ।

বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেপী দাস বলেন,
 “এটা মূলত আমাদের জনবল সংকটের কারণে হয়ে থাকে। একটি জরুরি বিভাগ পরিচালনায় টিমওয়ার্ক দরকার হয়, তাই কিছু দায়িত্ব রোস্টার অনুযায়ী ভাগ করে দিতে হয়। চিকিৎসা ডাক্তারই দেন। তবে ওয়ার্ড বয়ের কাজ সহকারী বাবুর্চি করছে।”

উল্লেখ্য, বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে এর আগেও রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ, সেবার অনিয়ম, ও কর্মকর্তাদের দায়িত্বহীনতার অভিযোগ উঠে এসেছে। এসব ঘটনা বারবার গণমাধ্যমে এলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ